দলীয় কার্যক্রম সচল হলে রাজনীতিতে ফিরবেন সাকিব

চাটগাঁ নিউজ ডেস্ক: দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটার সাকিব আল হাসান রাজনীতিতে নিজের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, রাজনীতি থেকে সরে যাননি; তবে এই মুহূর্তে তার প্রধান অগ্রাধিকার ক্রিকেট এবং দেশে ফেরা। দলীয় কার্যক্রম শুরু হলে আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছা রয়েছে তার।

সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে ক্রিকেট ও রাজনীতি নিয়ে খোলামেলা কথা বলেন সাকিব।

রাজনীতিতে ফেরার বিষয়ে তিনি বলেন, এখন যেহেতু আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ-এর কার্যক্রম নেই, তাই চেষ্টা করছি ক্রিকেটটা চালিয়ে যেতে। দলের কার্যক্রম যখন শুরু হবে বা আমরা করতে পারব, তখন হয়তো আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করব।

ক্রিকেট ও রাজনীতি নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে তিনি বলেন, রাজনীতি আমৃত্যু করা যায়, সেখানে অনেক সময় আছে। কিন্তু ক্রিকেটের সময় সীমিত। তাই আপাতত ক্রিকেটটাকেই প্রাধান্য দিচ্ছি।

তিনি আরও বলেন, আমার মনে হয় রাজনীতি একটি বড় প্ল্যাটফর্ম, যেখান থেকে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। যদি মানুষের জন্য কিছু করতে পারি, সেটা আমার জন্য অনেক ভালো লাগার বিষয় হবে। সেই আশা এখনো আছে, সব সময়ই থাকবে।

দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে সাকিব বলেন,পরিস্থিতি সবসময় একরকম থাকে না, পরিবর্তন হয়। আমি আশা করি ভবিষ্যতে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, যেখানে সব দল সমান সুযোগ পাবে এবং জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাকে চায়।

প্রায় দুই বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন সাবেক এই সংসদ সদস্য। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আর দেশে ফেরেননি।

এদিকে, বর্তমান সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আইনি জটিলতা কাটিয়ে উঠতে পারলে সাকিবকে দেশে স্বাগত জানানো হবে।

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব বলেন, আমি সবসময়ই আশাবাদী। আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব সমস্যাগুলোর সমাধান করতে পারলে দ্রুতই দেশে ফিরতে পারব। না হলে সময় লাগতে পারে, তবে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top