চাটগাঁ নিউজ ডেস্ক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্দেশনায় বলা হয়েছে, ভোটকেন্দ্রের চারপাশে ৪০০ গজ ব্যাসার্ধ এলাকায় নির্দিষ্ট তিন শ্রেণির কর্মকর্তা ছাড়া কেউ মোবাইল ফোন বহন বা ব্যবহার করতে পারবেন না।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ভোটকেন্দ্রের ভেতরে কেবল দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুই জন আনসার সদস্য মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন।
ভোটগ্রহণের দিন সাধারণ ভোটার, প্রার্থী কিংবা অন্য কোনো ব্যক্তি ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহন করলে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।
ইসির কর্মকর্তারা জানান, ভোটের স্বচ্ছতা বজায় রাখা এবং কেন্দ্র থেকে তাৎক্ষণিক ছবি বা তথ্য পাচার ঠেকাতেই এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে নিরাপত্তা তদারকির প্রয়োজনে আনসার সদস্যদের নির্দিষ্ট অ্যাপ ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
এ নির্দেশনা কার্যকর করতে বিভাগীয় ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।
চাটগাঁ নিউজ/এমকেএন





