তিনটি নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে মাছ ধরতে গিয়ে ১৩ জন বাংলাদেশি জেলেকে আটক করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।

শনিবার (২৮ মার্চ) সকাল দিকে নাইক্ষ্যংদিয়া এলাকার কাছে এ ঘটনা ঘটে। এ সময় জেলেদের তিনটি মাছ ধরার নৌকাও নিয়ে যাওয়া হয়েছে।

আটক জেলেদের সবাই শাহপরীর দ্বীপের মাঝের পাড়া ও ডাংঙ্গর পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তারা ভোরে মাছ ধরার উদ্দেশ্যে নদীর মোহনায় গেলে সকাল ৭টার দিকে স্পিডবোটে করে আসা সশস্ত্র সদস্যরা তাদের ধাওয়া করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান জানান, সাম্প্রতিক সময়ে নাফ নদী ও সাগরে মাছ ধরা জেলেদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায়ই আরাকান আর্মির সদস্যরা জেলেদের আটক করে নিয়ে যাচ্ছে, ফলে জেলে ও নৌকার মালিকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। তিনি দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

অন্যদিকে, শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া জেলে সমিতির সভাপতি আব্দুল গফুর জানান, ঘটনার পরপরই বিষয়টি বিজিবি ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। এতে উপকূলীয় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম বলেন, এ ঘটনায় এখনো আনুষ্ঠানিক কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে আটক জেলেদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top