চন্দনাইশ প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি এবং স্বাধীনতার ইতিহাস বিকৃতির প্রতিবাদে চন্দনাইশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন।
চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠনগুলো লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদের সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে।
আজ শনিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে চন্দনাইশ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে উপজেলার খাঁনহাট গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় এ কর্মসূচি পালন করে।
অভিযোগ করা হয়েছে, অলি আহমদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। বিএনপি নেতারা বলেন, অলি আহমদ গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত এবং কুশীলবদের মতো আচরণ করছেন।
বিক্ষোভকারীরা চন্দনাইশ উপজেলার গাজবাড়িয়া ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঝাড়ু ও জুতা মিছিল বের করেন। এসময় তারা অলি আহমদের ছবি সম্বলিত ব্যানার ও পোস্টারে লাল ক্রস চিহ্ন দিয়ে প্রতিবাদ দেখান।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমান বর্তমান বাংলাদেশের তরুণ প্রজন্মের আইকন এবং দেশনেতা। তার বিরুদ্ধে কোনো কটূক্তি বরদাশত করা হবে না। তারা অলি আহমদকে ‘নব্য রাজাকার’ ও ‘ইতিহাস বিকৃতিকারী’ হিসেবে আখ্যায়িত করেন এবং তার বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানান।
সমাবেশে বিএনপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অলি আহমদ রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। কিছু নেতাকর্মী তাকে চন্দনাইশের মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করার হুমকিও দেন। মিছিলে চন্দনাইশ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন স্তরের কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ চলাকালীন এলাকায় উত্তেজনা থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশি তৎপরতা লক্ষ্য করা গেছে।
চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন





