বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি সম্প্রতি ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচারের পর ফেসবুক লাইভে এসে তার অসুস্থতা, চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতা শেয়ার করেছেন।
লাইভে তানিয়া জানান, কিছুদিন আগে তার মাথার এক পাশে একটি টিউমার ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণত এই ধরনের অস্ত্রোপচারে ছয় থেকে আট ঘণ্টা সময় লাগে, তবে তার ক্ষেত্রে প্রায় আড়াই ঘণ্টার মধ্যেই অস্ত্রোপচার শেষ হয়েছে এবং সেটি সফল হয়েছে।
অস্ত্রোপচারের পর কয়েক দিন হাসপাতালে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। বর্তমানে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় ফিরেছেন এবং বিশ্রামে আছেন। তানিয়া জানান, অস্ত্রোপচারের পর চোখ খোলার সঙ্গে সঙ্গে তিনি তার মাকে খুঁজছিলেন এবং ডাক্তারদের বলছিলেন যে সব ঠিক আছে।
তিনি আরও বলেন, অনেকেই যাচাই না করেই আমার মৃত্যু বা কোমায় থাকার মতো গুজব ছড়িয়েছেন। এ কারণে এতদিন আমি বিষয়টি প্রকাশ্যে আনতে চাইনি।
অভিনেত্রী লাইভে তার শারীরিক পরিবর্তনের কথাও উল্লেখ করেন। অস্ত্রোপচার এবং নিয়মিত ওষুধ খাওয়ার কারণে ওজন কিছুটা বেড়েছে। তবে তিনি পুরোপুরি সুস্থ হয়ে আবার জিমে গিয়ে নিজেকে ফিট করে অভিনয়ে ফেরার পরিকল্পনা করছেন।
আসন্ন ঈদে তার অভিনীত কয়েকটি নাটক প্রচারিত হবে। তবে অসুস্থতার কারণে আগের মতো বেশি কাজ করতে পারেননি। রমজান মাসে রোজা রাখতে পারছেন না, কারণ অস্ত্রোপচারের পর প্রতিদিন তিন বেলা ওষুধ নিতে হচ্ছে। তবে নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করছেন এবং বাসায় তাহাজ্জুদ নামাজ আদায় করছেন।
সবশেষে তানিয়া বৃষ্টি বলেন, এই কঠিন সময়ে ভক্তদের ভালোবাসা, দোয়া ও সমর্থন আমাকে মানসিকভাবে অনেক শক্তি দিয়েছে। দ্রুত সুস্থ হয়ে আবার অভিনয়ে ফেরার আশা রাখছি।
চাটগাঁ নিউজ/এমকেএন





