‘ডোর টু ডোর’ আর ময়লায় টাকা দিতে হবে না’

চাটগাঁ নিউজ ডেস্ক : আগামী মার্চ মাস থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ‘ডোর টু ডোর’ ময়লা তোলার কার্যক্রমে নগরবাসীকে আর টাকা দিতে হবে না বলে ঘোষণা করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) হালিশহর এইচ ব্লকে খেলার মাঠ কাম ওয়াকওয়ে উদ্বোধন করতে এসে তিনি এ ঘোষণা দেন।

সাংবাদিকদের তিনি জানান, নগরবাসীকে বাসা বাড়ির ময়লা আগামী মার্চ মাস থেকে আর ‘ডোর টু ডোর’ ময়লা সংগ্রহের জন্য আলাদা করে কোনো টাকা দিতে হবে না।

এছাড়া তিনি নগরবাসীর কাছে অনুরোধ করেন, যেসব কর্মচারীরা ময়লা নিতে আসবে তাদের নিয়মিত ময়লা দিতে, এর ফলে ময়লা জমে থাকবে না এবং কমে আসবে মশার উপদ্রব, পরিবেশও পরিষ্কার থাকবে।

তিনি বলেন, ‘দেশের সিটি করপোরেশনগুলোতে আমরাই প্রথম যারা ময়লা থেকে বায়োগ্যাস উৎপাদন করার উদ্যোগ নিয়েছি হালিশহরে। এখন আমরা ফিজিবিলিটি স্টাডির শেষ পর্যায়ে আছি। এটি যদি বাস্তবায়িত হয় চট্টগ্রামকে এই ময়লা দিয়ে আমরা সম্পদে পরিণত করতে পারবো।’

হঠাৎ কেন ‘ডোর টু ডোর’ প্রকল্পে টাকা নেয়া বন্ধ করা হচ্ছে জানতে চাইলে মেয়র বলেন, ‘নগরবাসীরা অনেকে এই টাকা দিতে রাজি হতেন না। আবার নানা রকম অভিযোগ ছিলো তাই আমরা এই টাকা নেয়াটাই বন্ধ করে দিচ্ছি। আমাদের কর্মচারীদের সঙ্গে বর্তমান ভেন্ডারদের সমন্বয় করে দেয়া হবে। সঙ্গে আমাদের পক্ষ থেকে ভর্তুকি দেয়া হবে। সিটি করপোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় ময়লা সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে।’

ঘোষণার পর উপস্থিত এলাকাবাসীর মধ্যে স্বস্তির প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই বলেন, দীর্ঘদিন ধরে বেসরকারি বা ঠিকাদারি ব্যবস্থায় ময়লা সংগ্রহের জন্য অতিরিক্ত টাকা দিতে হতো। নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সাধারণ মানুষের আর্থিক চাপ কমবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক স্থানীয় কাউন্সিলার, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। খেলার মাঠটি স্থানীয় শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top