চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে দুবাইফেরত এক প্রবাসীর গাড়ি থামিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নগরের কাজীর দেউড়ি ও হাটহাজার থানার ইছাপুর বাজার থেকে তাদের গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখা (দক্ষিণ)।
গ্রেপ্তার ২ ভুয়া ডিবি হলেন— রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নের নদিমপুর এলাকার মো. সোহেল ওরফে সোহেল রানা (৪০) এবং হাটহাজারী ইছাপুর (ফয়জিয়া) বাজারের জুয়েলার্স দোকানের কর্মী উত্তম চৌধুরী ওরফে রবি চৌধুরী (৪০)।
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে দামপাড়া পুলিশ লাইনসের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান ডিবি দক্ষিণের উপ-কমিশনার শেখ শরীফুল ইসলাম।
তিনি জানান, প্রবাসী শফিউল আলম (৩৮) গত ১৪ ফেব্রুয়ারি সকালে দুবাই থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সকাল সাড়ে নয়টার দিকে ভাড়া করা গাড়িতে করে নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় নিজ বাসার উদ্দেশে রওনা দেন।
এসময় তার কাছে ছিল ৪টি স্বর্ণের নেকলেস, ১০টি আংটি, ২টি বালা ও ৩টি চেইনসহ মোট ১০০ গ্রাম স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ১৮ লাখ ৫০ হাজার টাকা।
এ ছাড়া ছিল একটি স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা (মূল্য এক লাখ ১৫ হাজার টাকা), একটি ব্যবহৃত গুগল পিক্সেল সিক্স (৪০ হাজার টাকা), একটি ব্যবহৃত আইফোন ফিফটিন প্রো (এক লাখ ৩০ হাজার ৩০০ টাকা), একটি ব্যবহৃত ভিভো ওয়াই সিক্সটিন (১৩ হাজার টাকা) এবং একটি ব্যবহৃত ল্যাপটপ (৫০ হাজার টাকা)।
৩ হাজার ৫০০ দুবাই দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১৯ হাজার টাকা), নগদ ১৩ হাজার টাকা এবং উন্নতমানের কাপড়চোপড় ও খাদ্যসামগ্রী, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
পথে লালখান বাজার এলাকায় ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে ফ্লাইওভারে একটি নোহা গাড়ি তার গাড়ির গতিরোধ করে। এসময় গাড়ি থেকে নেমে চার ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওয়াকিটকি প্রদর্শন করে তার কাছে থাকা মালামাল জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় শফিউল আলম খুলশী থানায় মামলা দায়ের করলে তার সূত্র ধরে ছায়া তদন্তে নামে ডিবি দক্ষিণ।
গোয়েন্দা পুলিশ জানায়, ছায়া তদন্তের একপর্যায়ে ১৯ ফেব্রুয়ারি দুপুরে কোতোয়ালী থানার কাজীর দেউড়ি এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর ইছাপুর বাজারের আমানত শাহ জুয়েলার্সে অভিযান চালিয়ে উত্তম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে স্বর্ণ বিক্রির নগদ ২ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
পরে উত্তম চৌধুরীর তথ্যে হাটহাজারী বাজারের এসএম শপিং সেন্টারের ‘বন্ধু সুন্দর জুয়েলার্স’ থেকে ছিনতাইকৃত ৫ ভরি ১৫ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা বিদেশফেরত প্রবাসীদের লক্ষ্য করে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাইসহ তিনটি মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছে ডিবি পুলিশ।
চাটগাঁ নিউজ/জেএইচ





