ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, মূলহোতা গ্রেফতার

চাটগাঁ নিউজ ডেস্ক : কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলায় ডাকাতি ও মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম মূলহোতা জিসানকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকালে কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় অভিযান চালিয়ে জিসানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জিসান পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ডলনী ঘোনা সিকদারপাড়া এলাকার মৃত জালাল আহমদের ছেলে।

পুলিশ সূত্র জানায়, জিসানকে গ্রেফতারে পরিচালিত অভিযানে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ৮-১০ সদস্যের একটি দল অভিযানে অংশ নেয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জিসান পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি একটি খালে ঝাঁপ দেন। পরে পুলিশ সদস্যরা খালে সাঁতার কেটে তাকে আটক করতে সক্ষম হন।

মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মাসুদ বলেন, পূর্ব বড় ভেওলায় সাম্প্রতিক সময়ে হওয়া তিনটি ডাকাতির মামলার আসামি জিসান। তাকে গ্রেফতারে অভিযান চালিয়ে সফল হয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, পূর্ব বড় ভেওলায় ডাকাতি ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জিসানসহ এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে মামলার আরও কয়েকজন আসামি এখনো পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্য সাইদুল ইসলাম মারুফ বলেন, জিসানসহ সাতজন আসামি গ্রেফতার হওয়ায় আমরা স্বরাষ্ট্রমন্ত্রী, কক্সবাজারের পুলিশ সুপার, চকরিয়া সার্কেল ও চকরিয়া থানার ওসিসহ অভিযানে সরাসরি জড়িত সব পুলিশ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। এখনো যেসব আসামি গ্রেফতার হয়নি, তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। দ্রুত বিচার শেষে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আসামিদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের হুমকি পাওয়ার অভিযোগ রয়েছে। এ কারণে ভুক্তভোগী পরিবার ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও পুলিশের প্রতি দাবি জানান তিনি।

চকরিয়া থানার ওসি আরিফুর রহমান বলেন, পূর্ব বড় ভেওলায় ডাকাতি ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার মূলহোতাসহ এ পর্যন্ত সাত আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, গত ৮ জুন পূর্ব বড় ভেওলা এলাকায় ১০-১২ জনের ডাকাত দল গ্রিল কেটে বাড়িতে ঢুকে মালামাল লুট ও মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে পুলিশ।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top