চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে প্রায় ১৯ কোটি ৫০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মোট ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন- টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের মো. সুলতানের ছেলে মো. ইয়াসিন (৩৫), টেকনাফ বাহারছড়া হাজমপাড়া মকবুল আহমেদের ছেলে মো. ইসমাইল (২২), লাল মোহাম্মদের ছেলে গিয়াস উদ্দিন (৩২), লাল মোহাম্মদের ছেলে জসিম উদ্দিন (৩৩) এবং কুমিল্লা মৌলভীবাড়ি পাশা কোট এলাকার সাহাদাত হোসেন (সাকিব)।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানে করে ইয়াবার বড় চালান চট্টগ্রামের দিকে পাচার করা হচ্ছে—এমন তথ্য পেয়ে নাফ নদী সংলগ্ন বড়ইতলী প্রধান সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হলে ভ্যানের পাটাতনের নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ কোটি ৫০ লাখ টাকা। এ সময় এক পাচারকারীকে আটক করা হয়।

এর আগে, একই দিন ভোররাত ২টার দিকে মিয়ানমার থেকে আসা একটি সন্দেহজনক মাছ ধরার নৌকা শাহপরীর দ্বীপের গোলারচর সংলগ্ন বাংলাদেশ জলসীমায় প্রবেশ করলে কোস্ট গার্ড সেটিতে অভিযান চালায়। পরে নৌকাটি থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ৩ কোটি টাকা। এ ঘটনায় চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত ইয়াবা, ব্যবহৃত নৌকা ও কাভার্ড ভ্যানসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





