চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের কবল থেকে ১৩ নারী-পুরুষকে উদ্ধার করেছে র্যাব-১৫। সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে তাদের আটকে রাখা হয়েছিল বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত প্রায় দেড়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দেখা যায়, একটি সংঘবদ্ধ চক্র জোরপূর্বক কয়েকজনকে আটকে রেখে বিদেশে পাচারের প্রস্তুতি নিচ্ছিল। একই সঙ্গে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের পরিকল্পনাও ছিল।
অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ১৩ জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে ৬ জন বাংলাদেশি পুরুষ, ৪ জন রোহিঙ্গা পুরুষ এবং ৩ জন রোহিঙ্গা নারী রয়েছেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনের নাম শনাক্ত করা হয়েছে। তারা হলেন— মো. সাইফুল (৩৮), মো. মালবিক কামাল (৪৬), মো. ফাইসাল (২৭), মো. জাফর (৩৬) ও মো. সাইফুল ইসলাম (২৪)। এছাড়া আরও অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করা হচ্ছে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম. ফারুক জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





