চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে বস্তাবন্দি অবস্থায় তিন টুকরো করা এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ার একটি ফসলি জমির বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষিপ্তভাবে ফেলে রাখা বস্তাবন্দি মরদেহের তিনটি খণ্ড উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার পর মরদেহটি টুকরো টুকরো করে সেখানে ফেলে রাখা হয়। মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ বিকৃত করে দেওয়ায় এখনো নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের বয়স আনুমানিক ২০ বছর হতে পারে বলে ধারণা পুলিশের।
এদিকে স্থানীয়দের দাবি, কয়েকদিন আগে একই এলাকার কলিম উল্লাহ (২০) নামের এক যুবককে মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে অপহরণ করা হয়। তিনি বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় একটি প্রাইভেট নোহা গাড়িতে করে দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায়।
নিখোঁজ কলিম উল্লাহর বাবা মমতাজ উদ্দিন জানান, অপহরণের পর অজ্ঞাত নম্বর থেকে ফোন করে তার কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। তিনি বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানান। তবে ঘটনার পর থেকে তার ছেলে নিখোঁজ রয়েছে।
উদ্ধার হওয়া মরদেহটি তার ছেলের হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি, যদিও মুখমণ্ডল বিকৃত থাকায় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





