টেকনাফে পৃথক অভিযানে ইয়াবা-সিমেন্টসহ ১১ জনকে আটক

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও ১৫ হাজার ইয়াবাসহ ১১ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় পাচারকাজে ব্যবহৃত একটি বোট ও আরেকটি ডিঙি নৌকা জব্দ করা হয়েছে।

আজ বুধবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সেন্টমার্টিনের উত্তর-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় বুধবার রাত ২টার দিকে সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৪ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের ৬৫০ বস্তা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়।

অপরদিকে, একই দিন দুপুর ১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী সংলগ্ন নাফ নদীতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক ডিঙি নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা জানান, জব্দকৃত সিমেন্ট-ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত নৌযান এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top