টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত মা হাতির মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ পৌরসভার একটি পাহাড়ি এলাকায় প্রায় ৩০০ ফুট নিচে পড়ে গুরুতর আহত হওয়া একটি মা হাতির মৃত্যু হয়েছে। রাতভর নিবিড় চিকিৎসা দেওয়ার পরও শেষ পর্যন্ত প্রাণীটিকে বাঁচানো সম্ভব হয়নি।

রবিবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে হাতিটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন।

এর আগে শনিবার (১১ জুলাই) দুপুর প্রায় ৩টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া ১ নম্বর ওয়ার্ডের পাহাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বন বিভাগের ধারণা, খাবারের সন্ধানে পাহাড়ে চলাচলের সময় ভারী বৃষ্টিতে নরম হয়ে যাওয়া মাটিতে পা পিছলে হাতিটি গভীর খাদে পড়ে যায়।

বন বিভাগ জানায়, দুর্ঘটনায় হাতিটির মেরুদণ্ড ভেঙে যায় এবং পেটে গুরুতর আঘাত লাগে। খবর পেয়ে বন বিভাগের সদস্য, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি), প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক ও বন্যপ্রাণী বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে রাতভর চিকিৎসা চালান। তবে সব চেষ্টা ব্যর্থ করে রবিবার সকালে হাতিটি মারা যায়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আহত হওয়ার পর হাতিটি আর নিজে থেকে দাঁড়াতে পারেনি। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় ঘটনাস্থলেই চিকিৎসার ব্যবস্থা করতে হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী জানান, হাতিটির পেছনের দুটি পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পাশাপাশি পেটেও মারাত্মক আঘাত ছিল। দুর্গম অবস্থানের কারণে ঘটনাস্থলেই প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও জানান, হাতিটির মৃত্যুর কারণ নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বন বিভাগের তত্ত্বাবধানে প্রাণীটির দাফনের ব্যবস্থা করা হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top