টেকনাফে আটক ৫ পাচারকারী, উদ্ধার নারী-শিশুসহ ৫৫

চাটগাঁ নিউজ ডেস্ক: টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ডের অভিযানে পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার এবং ৫ পাচারকারীকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কয়েকজন টেকনাফের বাহারছড়া সমুদ্র এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত ১০টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া, শাহপরী ও স্টেশন টেকনাফ কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন একটি সন্দেহজনক বোটকে থামতে বললে সেটি অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বোটটি ধাওয়া করে টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় আটক করা হয়। পরবর্তীতে আটককৃত বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ৫৫ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়।

উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল। উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত মানব পাচারকারীদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মানব পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top