স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে হালের অন্যতম সেরা স্পিনার রশিদ খান। আর লেগিদের মধ্যে তো ইতিহাসেরই অন্যতম সেরা আফগান এই স্পিনার। টি-টোয়েন্টিতে ৭০০ উইকেটের মাইলফলকের সামনে দাঁড়িয়ে থাকা রশিদের ইচ্ছা ৭ হাজার উইকেট নেওয়ার।
রশিদ বলেন, ‘৭০০ উইকেট কোনো ছোট ব্যাপার নয়। এখানে পৌঁছাতে অনেক সময় আর কঠোর পরিশ্রম লাগে। আমি নিজেকে ভাগ্যবান মনে করি। এই মাইলফলক ছুঁতে পেরে আমি খুব খুশি, আশা করি সাত হাজারেও পৌঁছাতে পারব (হাসি)।’
টি-টোয়েন্টিতে এত উইকেট পাবেন নিজেও ভাবেননি রশিদ। তিনি বলেন, ‘আমি ৯–১০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি, এর মধ্যেই শীর্ষ উইকেটশিকারি হওয়া আমার কাছে স্বপ্নের চেয়েও বেশি কিছু। টি-টোয়েন্টি ক্রিকেট এসেছে হয়তো ২০০৪–০৫ সালে। অনেক খেলোয়াড়ই আছেন যারা এই সংস্করণে অনেক খেলেছেন, কিন্তু আমার জন্য এটা অর্জন করা সত্যিই বিশেষ কিছু।’
‘আমি কখনও আমার উইকেট গণনা করিনি। গণমাধ্যমের মাধ্যমেই এটা জানতাম, আমার ৪০০ হলো, ৫০০ হলো, ৬০০ হলো। আসলে এগুলো নিয়ে খুব বেশি ভাবিনি। আমি শুধু প্রতিদিন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, দলের জন্য ভালো পারফরম্যান্স করা আর উইকেট নেওয়াই ছিল লক্ষ্য।’-যোগ করেন তিনি।
চাটগাঁ নিউজ/এমকেএন





