টাকার লোভ দেখিয়ে শিশুকে বলৎকার, রাঙ্গুনিয়ায় অভিযুক্ত গ্রেফতার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১০ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে মো. আইয়ুব আলী (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৮ মার্চ) রাত পৌনে ১১টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্য ঘাগড়া পাহাড়তলী ঘোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আইয়ুব আলী উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্য ঘাগড়া (পাহাড়তলী ঘোনা) এলাকার মৃত মো. বাদশা মিয়ার ছেলে।

এজাহার সূত্রে জানা গেছে, ভিকটিম স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী। গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে মাদরাসা বন্ধ থাকায় সে বাড়িতে আসে।

অভিযোগ অনুযায়ী, গত ১৩ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিন দিন এশার নামাজের সময় শিশুটিকে টাকার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যায় আসামি আইয়ুব আলী। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে একাধিকবার বলৎকার করা হয়। একই সঙ্গে বিষয়টি কাউকে না জানাতে তাকে ভয়ভীতি দেখানো হয়।

পরবর্তীতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত জানায়। পরে স্বজনরা প্রথমে তাকে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে এবং পরে অবস্থার অবনতি হলে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।

এ ঘটনায় ভিকটিমের পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা (মামলা নং–১২/৩৫) দায়ের করা হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন জানান, মামলার পর থেকেই আসামি পলাতক ছিল। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top