জ্বালানি সংকটে কুমিরা–গুপ্তছড়া নৌরুটে স্পিডবোট চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ

সন্দ্বীপ প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে চট্টগ্রামের কুমিরা–গুপ্তছড়া নৌরুটে স্পিডবোটে যাত্রী পারাপার হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। গত রবিবার সকাল থেকে এই গুরুত্বপূর্ণ নৌরুটে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

জরুরি প্রয়োজনে যাতায়াত করতে এসে অনেক যাত্রী ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও স্পিডবোট না পেয়ে বাধ্য হয়ে ফিরে গেছেন।

ঘাট সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিদিন এই নৌরুটে প্রায় এক হাজার যাত্রী স্পিডবোটে যাতায়াত করেন। হঠাৎ করে সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় সকাল থেকেই ঘাটে যাত্রীদের দীর্ঘ ভিড় তৈরি হয় এবং পরিস্থিতি দ্রুতই ভোগান্তিতে রূপ নেয়।

বিআইডব্লিউটিএ’র নিয়োজিত ইজারাদার জগলুল হোসেন নয়ন বিষয়টি স্বীকার করে জানান, যমুনা অয়েল কোম্পানি থেকে সর্বশেষ সংগ্রহ করা অকটেনের রিজার্ভ রবিবার সকালে শেষ হয়ে যায়। নতুন করে জ্বালানি সংগ্রহের জন্য ব্যাংকের মাধ্যমে পে-অর্ডার দেওয়া হলেও তেল সংকটের কারণ দেখিয়ে যমুনা অয়েল কোম্পানি সেটি ফেরত দিয়েছে।

তিনি বলেন, এই রুটে প্রতিদিন স্পিডবোট চলাচল সচল রাখতে প্রায় ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার লিটার অকটেন প্রয়োজন হয়। কিন্তু জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় বাধ্য হয়ে স্পিডবোট চলাচল বন্ধ রাখতে হয়েছে।

এদিকে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় বিকল্প হিসেবে সীমিত আকারে কাঠের বোট দিয়ে যাত্রী পারাপারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ঘাটে যাত্রী পারাপারের দায়িত্বে থাকা শামছুল আলম দেলু। তবে এতে সময় বেশি লাগায় যাত্রীদের ভোগান্তি কমেনি।

অন্যদিকে, জ্বালানি সংকটের বিষয়টি অবগত হওয়ার কথা জানিয়ে বিআইডব্লিউটিএ চট্টগ্রাম দপ্তরের সহকারী পরিচালক নয়ন শীল বলেন, স্পিডবোট চলাচল বন্ধের বিষয়টি আমরা জেনেছি। এটি জাতীয় পর্যায়ের জ্বালানি সংকটের সঙ্গে সম্পর্কিত। তবে সামনে ঈদুল ফিতরকে কেন্দ্র করে যাত্রীচাপ বাড়বে। বিষয়টি বিবেচনায় নিয়ে যমুনা অয়েল কোম্পানির কাছে বিশেষভাবে জ্বালানি সরবরাহের অনুরোধ জানানো হবে।

সাধারণ যাত্রীরা জানান, পবিত্র ঈদকে সামনে রেখে আর মাত্র চার–পাঁচ দিনের মধ্যেই ঘাটে যাত্রীচাপ বাড়তে শুরু করবে। এর আগে যদি জ্বালানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা না হয়, তাহলে সন্দ্বীপ–চট্টগ্রাম নৌপথে যাত্রী পারাপারে বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে।

এদিকে সকাল থেকে জ্বালানি সংকট দেখিয়ে স্পিডবোট বন্ধ করে যাত্রী হয়রানি না করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন সন্দ্বীপের সুশীল সমাজ ও স্থানীয় সাংবাদিক নেতারা। তাদের দাবি, জ্বালানি সরবরাহ নিশ্চিত করে দ্রুত স্পিডবোট চলাচল স্বাভাবিক করা হোক, যাতে ঈদকে সামনে রেখে সাধারণ যাত্রীদের দুর্ভোগ কমে।

চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন

Scroll to Top