জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন, সেই চিকিৎসককে সন্দ্বীপে বদলি—ক্ষোভ দ্বীপবাসীর

সন্দ্বীপ প্রতিনিধি: চিকিৎসা নিতে গিয়ে সুস্থ হওয়ার বদলে চরম স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছে ৫ বছরের এক শিশু। শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ জ্বরের চিকিৎসা নিতে গিয়ে ভুলবশত তাকে জলাতঙ্ক (অ্যান্টি-র‍্যাবিস) টিকা দেওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে গত ৮ এপ্রিল। কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের বাসিন্দা এমরান হোসেন তার শিশু কন্যা আলিফাকে জ্বরের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। অভিযোগ রয়েছে, কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফ অসাবধানতাবশত অন্য এক রোগীর জন্য নির্ধারিত কুকুরের কামড়ের ভ্যাকসিনটি শিশুটির শরীরে প্রয়োগ করেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর হাসপাতালজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী পরিবার তীব্র প্রতিবাদ জানায় এবং পরে শাহরাস্তি প্রেসক্লাব-এ লিখিত অভিযোগ দায়ের করেন।

বিষয়টি গণমাধ্যমে প্রচারিত হলে নড়েচড়ে বসে স্বাস্থ্য বিভাগ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান অভিযুক্ত চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেন এবং তাকে জরুরি বিভাগ থেকে প্রত্যাহার করা হয়।

পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে গত ১৫ এপ্রিল অভিযুক্ত চিকিৎসক আবু ইউসুফকে সন্দ্বীপ উপজেলায় শাস্তিমূলক বদলি করা হয়।

এ ঘটনায় সন্দ্বীপে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সচেতন নাগরিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে শাস্তিমূলক বদলি হিসেবে কর্মকর্তাদের সন্দ্বীপে পাঠানো হচ্ছে, যা দ্বীপবাসীর জন্য বৈষম্যমূলক ও অনাকাঙ্ক্ষিত। তারা এ ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন

Scroll to Top