চাটগাঁ নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জীবনের প্রথম ভোট দিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার পর চট্টগ্রাম নগরের আসকার দীঘির পাড়ের আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে তিনি ভোট দেন।
এ কেন্দ্রের অদূরে কাজীর দেউড়িতে ইকবাল পরিবারের স্থায়ী নিবাস। তামিম ইকবালের সঙ্গে ভোট দিতে আসেন সাবেক ক্রিকেটার তামিমের বড় ভাই নাফিস ইকবাল।
কেন্দ্র থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের তামিম ইকবাল বলেন, জীবনে প্রথমবার ভোট দিলাম। খুব ভালো লাগছে। ভোটের পরিবেশও ভালো ছিল। আমি পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।
জানা যায়, সেনাবাহিনীর প্রটোকলে ব্যক্তিগত গাড়িতে তিনি ভোটকেন্দ্রে আসেন। ভোটগ্রহণ শেষে সেনাবাহিনীর সদস্যরা আবার তাকে দ্রুত গাড়িতে করে বাড়ি পৌঁছে দেন।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে ৪ লাখ ১৬ হাজার ৪৬৩ জন ভোটার ১২১টি কেন্দ্রে ভোট দিচ্ছে।
এ আসনের ১১ জন প্রার্থী হলেন- বিএনপির আবু সুফিয়ান (ধানের শীষ), জামায়াতে ইসলামীর একেএম ফজলুল হক (দাঁড়িপাল্লা), জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির আবদুল মোমেন চৌধুরী (তারা), ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস শুক্কুর (হাতপাখা), ইসলামিক ফ্রন্টের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (চেয়ার), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ নঈম উদ্দিন (আপেল), নাগরিক ঐক্যের নুরুল আবছার মজুমদার (কেটলি), বাসদ (মার্কসবাদী) মো. শফিউদ্দিন কবির (কাঁচি), জনতার দল হায়দার আলী চৌধুরী (কলম) ও গণসংহতি আন্দোলনের সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ (মাথাল)।
চট্টগ্রাম-৯ আসনে আসনের প্রতি সবার নজর। বন্দর নগরীর কেন্দ্রস্থলের এ আসনটিতে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






