ক্রীড়া প্রতিবেদক: টেস্ট ও ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও হার দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু করল বাংলাদেশ। বুলাওয়েতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের কাছে ৩২ রানে হেরেছে তাওহিদ হৃদয়ের নেতৃত্বাধীন দল।
আজ বুধবার (১৫ জুলাই) জিম্বাবুয়ের বুলাওয়ে কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হয় এই খেলা। যেখানে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে স্বাগতিকরা।
তাদের দেয়া ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। মাত্র ৩৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা। সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন প্রায় তিন বছর পর টি-টোয়েন্টি দলে ফেরা ইয়াসির আলী রাব্বি। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩৮ বলে ৫৪ রানের ইনিংস খেললেও শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি তিনি। তার ইনিংসে ছিল ২টি চার ও ৩টি ছক্কা।
একপর্যায়ে বাংলাদেশের জয়ের জন্য ২৫ বলে প্রয়োজন ছিল ৪৮ রান। তবে শেষের ব্যাটাররা প্রত্যাশা পূরণ করতে না পারায় ১৯ ওভারেই ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
জিম্বাবুয়ের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন রিচার্ড নাগারভা ও ব্লেসিং মুজারাবানি। দুই পেসারই ৪টি করে উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পায় জিম্বাবুয়ে। ওপেনার ব্রায়ান বেনেট ও টাডিওয়ানাশে মারুমানি প্রথম তিন ওভারেই ৩৬ রান যোগ করেন। পাওয়ার প্লে শেষে তাদের সংগ্রহ ছিল ১ উইকেটে ৫৪ রান।
বেনেট ৩০ বলে ৪৪ রানের কার্যকর ইনিংস খেলেন, যাতে ছিল ৬টি চার ও একটি ছক্কা। শেষ দিকে রায়ান বার্লের অপরাজিত ৩০ এবং ব্র্যাড ইভান্সের ১০ বলে ১৯ রানের ঝোড়ো ইনিংসে ৬ উইকেটে ১৭০ রানের লড়াকু সংগ্রহ গড়ে স্বাগতিকরা। দুজন মিলে শেষ ১৫ বলে অবিচ্ছিন্ন ৩১ রানের জুটি গড়েন।
বাংলাদেশের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন নাহিদ রানা। গতির ঝলক দেখিয়ে ২৬ রানে ৪ উইকেট শিকার করেন এই পেসার। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন নেন ২টি উইকেট। তবে ব্যাটারদের ব্যর্থতায় সেই বোলিং পারফরম্যান্সও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি বাংলাদেশ।
এই হারের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল জিম্বাবুয়ে।
চাটগাঁ নিউজ/শরীফ/জেএইচ






