রাঙ্গুনিয়া প্রতিনিধি: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল অলি আহমদ বলেছেন, জামায়াতে ইসলামী মার খায়, কিন্তু টাকা খায় না। আর অন্যান্য দল টাকা খায়, মার খায় না। এটাই জামায়াত ও অন্যান্য দলের মধ্যে মূল পার্থক্য।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া স্কুল মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙ্গুনিয়ার প্রসঙ্গ টেনে কর্নেল অলি আহমদ বলেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের দিয়ে কোনো এলাকার মঙ্গল সম্ভব নয়। একটি এলাকার উন্নয়নের জন্য প্রয়োজন সৎ, আল্লাহভীরু ও ন্যায়পরায়ণ মানুষ—যারা মানুষের হক নষ্ট করবে না, অন্যায় করবে না এবং মানুষের মনে আঘাত দেবে না।
তিনি বলেন, রাঙ্গুনিয়া আসনে এমন একজন যোগ্য ও আদর্শবান প্রার্থী হলেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ এখন সচেতন। তারা আর প্রতারণায় বিশ্বাস করে না। কে দুর্নীতিবাজ আর কে সৎ—তা জনগণ ভালোভাবেই বোঝে। দীর্ঘদিন যারা দুর্নীতির মাধ্যমে সুবিধা নিয়েছে, তাদের সময় শেষ। আগামী ১২ তারিখ জনগণ তাদের রায় দেবে।
সমাবেশে সভাপতিত্ব করেন সরকারের সাবেক যুগ্ম সচিব নুরুল আবচার। প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। বিশেষ আকর্ষণ ছিলেন রাঙ্গুনিয়া আসনের প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম।
রাশেদুল ইসলাম তালুকদার ও কাজী পিয়ারুর যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান, চাকসুর সাবেক ভিপি ইব্রাহিম হোসেন রনি, কেন্দ্রীয় এনসিপির নেত্রী সাঘুপ্তা মিশমা, ইসলামী চিন্তাবিদ আ.ন.ম. শামসুল আলম, জামায়াত চট্টগ্রাম-৭ আসনের নির্বাচন পরিচালক অধ্যক্ষ মো. শাহজাহান, খেলাফত ইসলাম চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি আবুল কালাম আজাদসহ আরও অনেকে।
নিজের বক্তব্যে ডা. এটিএম রেজাউল করিম বলেন,আমি নির্বাচিত হলে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে রাঙ্গুনিয়ার সব মানুষের জন্য কাজ করবো। দুর্নীতি, চাঁদাবাজি ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন থাকবো। রাঙ্গুনিয়াকে একটি সুশাসনের মডেল হিসেবে গড়ে তুলতেই আমার রাজনীতিতে আসা।
এদিকে জামায়াতের সমাবেশকে ঘিরে রাঙ্গুনিয়ায় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পৃথক মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেন। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল।
বিশাল গণমিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন রাঙ্গুনিয়া আসনের জামায়াত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। তার আগমনে পুরো সমাবেশস্থল স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এর আগে কর্নেল অলি আহমদ হেলিকপ্টারে করে রাঙ্গুনিয়ায় পৌঁছান। পরে তারা দুজন একসঙ্গে মঞ্চে ওঠেন।
সমাবেশে রাঙ্গুনিয়া আসনে এবি পার্টির প্রার্থী আবদুর মনির ডা. এটিএম রেজাউল করিমের প্রতি সমর্থন ঘোষণা করেন। এছাড়া খেলাফত মজলিশের পক্ষ থেকেও উত্তর জেলা সভাপতি আবুল কালাম আজাদ ডা. এটিএম রেজাউল করিমকে সমর্থন জানান।
আগামী সংসদ নির্বাচনে রাঙ্গুনিয়ার ভূমিপুত্রকে বিজয়ী করে অবহেলিত এই জনপদের উন্নয়ন, পাশাপাশি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত রাঙ্গুনিয়া গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন আগত অতিথি ও নেতাকর্মীরা।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন





