চাটগাঁ নিউজ ডেস্ক : বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে জাপানের দেওয়া পাঁচটি উচ্চগতিসম্পন্ন পেট্রোল বোট। দেশের সামুদ্রিক নিরাপত্তা জোরদার, উপকূলীয় এলাকায় টহল ও নজরদারি, অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে জাপানের সহায়তায় বোটগুলো দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে জাপান সরকারের প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে বোটগুলো হস্তান্তর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমোয়াকি। অনুষ্ঠানে জাপানের প্রতিনিধি দল, নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
নৌবাহিনী জানিয়েছে, জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স (ওএসএ) কর্মসূচির আওতায় বোটগুলো দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি হয়। প্রকল্পের আওতায় গত ৬ ফেব্রুয়ারি বোটগুলো চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। পরে জাপানি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে বানৌজা নির্ভীকে নৌবাহিনীর সদস্যদের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রতিটি বোটের দৈর্ঘ্য ১৬ দশমিক ১৫ মিটার, প্রস্থ ৩ দশমিক ৫৩ মিটার এবং ধারণক্ষমতা ১৩ দশমিক ৫ টন। সর্বোচ্চ ঘণ্টায় ৩২ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম এসব বোট অগভীর নদীপথ, মোহনা ও উপকূলীয় সংকীর্ণ নৌপথে অভিযান পরিচালনার উপযোগী।
নৌবাহিনীর ভাষ্য, নতুন পেট্রোল বোটগুলো সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, নিয়মিত টহল, নজরদারি, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলাসহ জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নৌবাহিনী আরও জানিয়েছে, ওএসএ কর্মসূচির আওতায় বাস্তবায়িত এ প্রকল্প বাংলাদেশ ও জাপানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতাও সম্প্রসারণে ভূমিকা রাখবে।
চাটগাঁ নিউজ/এসএ





