চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি কখনো কোনো ধরনের পেছনের দরজা বা বিশেষ কারও সহায়তায় ক্ষমতায় আসেনি। বরং দেশের জনগণের প্রত্যক্ষ ভোট ও সমর্থনের মাধ্যমেই দলটি রাষ্ট্রক্ষমতায় এসেছে।
শনিবার (৭ মার্চ) দুপুরে নগরীর ধনিওয়ালা পাড়া চাঁদমহল টাওয়ারে পবিত্র মাহে রমজান উপলক্ষে মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রায় ৪০০ অসহায় ও নিম্নআয়ের পরিবারের মধ্যে চাল, ডালসহ ইফতার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মেয়র শাহাদাত হোসেন বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে তিনি বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। গত ১৬ মাস ধরেও নগরবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন।
তিনি আরও বলেন, ১২ তারিখে অনুষ্ঠিত নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন। কোথাও ভোটারদের বাধা দেওয়া হয়নি কিংবা কোনো দলের এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া যায়নি। ভোট গণনা শেষে প্রিসাইডিং কর্মকর্তারা স্বাক্ষরিত ফলাফলপত্র প্রার্থীদের হাতে তুলে দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
নির্বাচনের ফলাফল নিয়ে কারও আপত্তি থাকলে আদালতের মাধ্যমে প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে বলে জানান তিনি।
মেয়র বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ভিত্তিহীন অভিযোগ তুলে জনগণকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। দেশের মানুষ এখন অনেক বেশি সচেতন এবং তারা সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে পারে। অতীতের মতো ভবিষ্যতেও জনগণ বিএনপির পাশে থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
উত্তর পাটানটুলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মো. খান। এছাড়াও বক্তব্য দেন ডবলমুরিং থানা বিএনপির নেতা সুফি মো. ইব্রাহীম, আব্দুল মান্নান, শেখ মনির বাবুল, আমির উদ্দিন বাবুল, রফিকুল আলম, যুবদল নেতা মুরাদ উদ্দিন, মো. রনি, আবদুল আজিজ, আবদুল বারেক ও মো. বক্করসহ অন্যান্য নেতৃবৃন্দ।
চাটগাঁ নিউজ/এমকেএন





