জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা: আরও ২০ আসামি গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেব হত্যা মামলায় পৃথক অভিযান চালিয়ে পলাতক ২০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে র‍্যাব-৭ চট্টগ্রাম ১৩ জন এবং জেলা পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করে।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গত ২৭ মার্চ র‍্যাব-৭ চট্টগ্রাম ও র‍্যাব-১১ নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল নোয়াখালীর কবিরহাট থানার নবগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ২৯ নম্বর আসামি মো. পারভেজ (৩৫) কে গ্রেপ্তার করে। একই দিনে পাহাড়তলী থানার উদালিয়া এলাকা থেকে মো. বেলাল (৩০) এবং বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলাবাজার এলাকা থেকে সাইদুল ইসলাম (২৬) কে গ্রেপ্তার করা হয়।

এর আগে, গত ২৩ মার্চ সীতাকুণ্ড থানার ফৌজদারহাট এলাকা থেকে মো. মিজানুর রহমান সোহান (১৯), ১৫ ফেব্রুয়ারি দক্ষিণ কাট্টলী এলাকা থেকে মো. সেলিম (৩৫), ১০ ফেব্রুয়ারি চান্দগাঁও থানার ফরিদার পাড়া এলাকা থেকে মো. সেকেন্দার মিয়া ওরফে ইয়াকুব (৪৩), এবং ২২ জানুয়ারি বায়েজিদ বোস্তামী থানার ইকবাল কনভেনশন হল এলাকা থেকে মো. ইউনুছ আলী হাওলাদার (৬২) কে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে ইউনুছ আলী হাওলাদারের দেওয়া তথ্যে পতেঙ্গা থানার ওয়াসা গলি এলাকা থেকে মামলার ২৬ নম্বর আসামি খন্দকার জাহিদ হোসেন (৩৯) কে গ্রেপ্তার করা হয়।

এছাড়া, ২৪ জানুয়ারি র‍্যাব-৭ চট্টগ্রাম ও র‍্যাব-১৫ কক্সবাজারের যৌথ অভিযানে কক্সবাজার সদর থানার সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে ২১ নম্বর আসামি আলীরাজ হাসান ওরফে সাগর (২৮), ২৫ জানুয়ারি খুলশী থানার ইস্পাহানি মোড় এলাকা থেকে মো. মিজান (৫৩), ২৬ জানুয়ারি বায়েজিদ বোস্তামী থানার বগুড়া নিবাস এলাকা থেকে মো. মামুন (৩৮), ২৮ জানুয়ারি সীতাকুণ্ডের সালেহা কটন মিল এলাকা থেকে মো. শহাজাহান (৫৩), এবং ২৯ জানুয়ারি আকবরশাহ থানার বিশ্ব কলোনি এলাকা থেকে মো. শফিকুল ইসলাম ওরফে মাস্টার শফিকুল ইসলাম (৫১) কে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালানোর সময় দুষ্কৃতিকারীরা র‍্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে চারজন র‍্যাব সদস্য আহত হন। গুরুতর আহত অবস্থায় ডিএডি আব্দুল মোতালেবকে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় র‍্যাব-৭ চট্টগ্রাম বাদী হয়ে ২২ জানুয়ারি সীতাকুণ্ড থানায় ২৯ জনকে এজাহারভুক্ত এবং ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে। পরবর্তীতে ধারাবাহিক অভিযানে ২০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া)।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top