জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসী কার্যক্রম বরদাশত নয়: এসপি

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ও আলিপুর এলাকায় স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

বুধবার (১১ মার্চ) পরিদর্শনের সময় পুলিশ সুপার সেখানে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে বৈঠক করেন।

তিনি ক্যাম্পগুলোর নিরাপত্তা ব্যবস্থা, চলমান পুলিশি কার্যক্রম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা এবং এলাকার নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে মতামত নেন।

এ সময় পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা অপরাধমূলক কার্যকলাপ সহ্য করা হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জঙ্গল সলিমপুর ও আলিপুর এলাকার জনগণের আইনসম্মত কার্যক্রমে পুলিশ সব ধরনের সহযোগিতা করবে। পাশাপাশি এলাকায় সরকারের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নেও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top