‌‘ছাত্রদলের কাজ ওসিকে ফুল দেওয়া নয়’
সরোয়ার আলমগীর এমপি

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, ছাত্রদলের কাজ থানার ওসিকে ফুল দেওয়া নয়; সংগঠনের মূল দায়িত্ব শিক্ষার্থীদের অধিকার আদায়, তাদের স্বার্থ রক্ষা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকা। তিনি বলেন, আদর্শভিত্তিক ছাত্ররাজনীতির মাধ্যমেই নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে নিজের গ্রামের বাসভবনে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে স্থান পাওয়া ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে সরোয়ার আলমগীর বলেন, ছাত্রদলের কর্মীদের হতে হবে বিনয়ী, সুশিক্ষিত ও আদর্শবান। ছাত্ররাজনীতি হওয়া উচিত আদর্শ, শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশের অন্যতম মাধ্যম। সততা, নিষ্ঠা ও জনকল্যাণে কাজ করার মানসিকতা নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। এক কথায়, ছাত্রদলকে মেধাবীদের সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। সেই পরিকল্পনা ছাত্রদলের নেতাকর্মীদের জনগণের কাছে তুলে ধরতে হবে। সমৃদ্ধ ফটিকছড়ি গঠনে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রবীণ নেতা আহম্মদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, নাসির উদ্দিন, জুয়েল চক্রবর্তী, সাইফু উদ্দিন, মোজাহারুল ইকবাল লাভলু, শামীম আলমগীর রুবেল, নজিবুল করিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নবনির্বাচিত সহ-সভাপতি ও ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহিন উদ্দিন, আব্দুল কাদের, যুগ্ম সম্পাদক মীর আলী আকবর, ছালে আকবর জাবেদ, সহ-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, নুরু উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু জাহেদ, জাসেদুল আলম রনি, নাজিম উদ্দীন, আফাজ উদ্দিন সবুজ, মো. আরিফ, মো. তাহসিন (ডেভিড), মো. ইউসুফ, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফয়সাল বিন আজাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. পারভেজ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মানিক, সহ-সামাজিক বিষয়ক সম্পাদক মো. খোরশেদ প্রমুখ।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top