চাটগাঁ নিউজ ডেস্ক: শতবর্ষী বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করা হয়েছে।
চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ এপ্রিল অনুষ্ঠেয় ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চেম্বারের নির্বাচন বোর্ড।
বৃহস্পতিবার (২ এপ্রিল) নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়— ‘৩ মার্চ ২০২৬ তারিখের ০৫.৪২.২০০০.০১১.৯৯.০১৫.২৫.১৪৪ নম্বর স্মারকে প্রকাশিত তফসিল অনুযায়ী নির্ধারিত ৪ এপ্রিল ২০২৬ তারিখের ভোটগ্রহণ কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।’
সূত্র জানায়, গত ৫ আগস্টের পর স্বৈরশাসন ও পরিবারতন্ত্র থেকে চেম্বারকে মুক্ত করার দাবিতে সাধারণ ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে চেম্বারের প্রেসিডিয়াম ও পরিচালকরা পদত্যাগ করেন। পরে একজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
এরপর গত ১১ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের (বাণিজ্য সংগঠন-১) গঠিত নির্বাচন বোর্ড চেম্বারের ২০২৫–২৬ এবং ২০২৬–২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে। প্রথমে ১ নভেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হলেও পরবর্তীতে বিভিন্ন মামলা, রিট ও আইনি জটিলতার কারণে কয়েক দফা তারিখ পরিবর্তন করা হয়।
সর্বশেষ নির্বাচন বোর্ড ৪ এপ্রিল ভোটগ্রহণের দিন ঘোষণা করলেও তা আবারও স্থগিত করা হলো।
চাটগাঁ নিউজ/এমকেএন





