চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিচ্ছন্নকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে নগরের কাজীর দেউড়ির একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার তুলে দেন চসিকের মেয়র ডা. শাহাদাত হোসেন।
এবার চসিকের আওতাধীন মোট ৩ হাজার ২৭০ জন পরিচ্ছন্নকর্মী প্রত্যেকে ৫ হাজার টাকা করে এই ঈদ উপহার পেয়েছেন। এর আগে জাতীয় পর্যায়ে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের ১২টি সিটি করপোরেশনের জন্য বরাদ্দকৃত অর্থ সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের হাতে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, একটি শহরের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষায় পরিচ্ছন্নকর্মীরাই মূল চালিকাশক্তি। দিন-রাত পরিশ্রম করে তারা নগরবাসীর জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করেন। তাদের এই অবদানের স্বীকৃতি হিসেবেই প্রধানমন্ত্রীর এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কর্মীদের মনোবল আরও বাড়াবে।
তিনি আরও বলেন, চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলাই চসিকের লক্ষ্য। এ ক্ষেত্রে পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব গ্রহণের পর থেকে রাতের বেলায় ময়লা অপসারণ কার্যক্রম জোরদার করা হয়েছে, ফলে নগরের সার্বিক পরিচ্ছন্নতায় ইতিবাচক পরিবর্তন এসেছে।
বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে চসিক বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে জানিয়ে মেয়র বলেন, রিসাইক্লিং, বায়োগ্যাস, গ্রিন ডিজেল ও বিদ্যুৎ উৎপাদনের মতো প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নত দেশের মতো বর্জ্যকে সম্পদে রূপান্তরের লক্ষ্যে কাজ চলছে।
তিনি আরও জানান, নাগরিকদের আর্থিক আপত্তির কারণে পূর্বের বাসা থেকে সরাসরি বর্জ্য সংগ্রহ কার্যক্রম বন্ধ করা হলেও এখন থেকে চসিক নিজস্ব ব্যবস্থাপনায় বিনামূল্যে এ সেবা চালু করা হবে।
মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী মারুফের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, সিডিএর বোর্ড মেম্বার জাহিদুল করিম কচি, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহি, উপ প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা প্রমুখ।
চাটগাঁ নিউজ/এমকেএন





