চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিনটি বিভাগে প্রভাষক পদে শিক্ষক নিয়োগের জন্য নির্ধারিত চারটি নির্বাচনী বোর্ড সভা স্থগিত করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, মার্কেটিং, ইতিহাস ও পদার্থবিদ্যা বিভাগে প্রভাষক নিয়োগের জন্য আলাদা চারটি বোর্ড সভা ফেব্রুয়ারির নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রশাসনিক ব্যস্ততা ও সময় সংকটের কারণে সেগুলো আপাতত স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত কাজের চাপ ও নির্ধারিত দিনগুলোতে নিয়মিত বৈঠক থাকায় বোর্ড সভাগুলো স্থগিত করা হয়েছে।’
তিনি আরও বলেন, কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি বোর্ড বসাতে তুলনামূলক কম সময় লাগে, তাই সেগুলো আগে সম্পন্ন করা হচ্ছে। কিন্তু শিক্ষক নিয়োগ বোর্ডে প্রায় নয় ঘণ্টা সময় লাগে। এজন্য আপাতত শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত রাখা হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যেই নতুন তারিখ নির্ধারণ করা হবে।
রেজিস্ট্রার কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) মো. হাছান মিয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে চারটি বোর্ড সভা স্থগিতের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কেটিং বিভাগে প্রভাষক পদে নিয়োগের জন্য ২২ ফেব্রুয়ারি নির্ধারিত সভা স্থগিত করা হয়েছে। একই বিভাগের গণিত বা পরিসংখ্যান বিষয়ে প্রভাষক পদে নিয়োগের জন্য ২৩ ফেব্রুয়ারির সভাও স্থগিত হয়েছে।
এ ছাড়া ইতিহাস বিভাগে প্রভাষক পদে নিয়োগের জন্য ২৪ ফেব্রুয়ারি এবং পদার্থবিদ্যা বিভাগে প্রভাষক পদে নিয়োগের জন্য ২৫ ফেব্রুয়ারি নির্ধারিত সভাও স্থগিত করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ





