চবিতে ২৪ ঘণ্টার জরুরি সেবা চালু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা ও তাৎক্ষণিক সেবা প্রাপ্তি নিশ্চিত করতে চাকসুর সহযোগিতায় ২৪ ঘণ্টাব্যাপী জরুরি হেল্পলাইন চালু করেছে চবি প্রশাসন।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। যেটির হেল্পলাইন নাম্বার হচ্ছে ০৯১০-৮৮৯০০০।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, হেল্পলাইনের মাধ্যমে সপ্তাহের যেকোনো দিন, যেকোনো সময় মেডিক্যাল সেবা, প্রক্টর অফিস, নিরাপত্তা দপ্তর, ইঞ্জিনিয়ারিং অফিস, আইসিটি সেল এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন ধরনের সহায়তা পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, এই হেল্পলাইন শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনের মুহূর্তে দ্রুত সহায়তা পাওয়ার সুযোগ তৈরি করবে এবং বিশ্ববিদ্যালয়ের সেবা ব্যবস্থাকে আরও গতিশীল করবে। আশা করি শিক্ষার্থীরা এই সেবাটি যথাযথ ব্যবহার করবে।

চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ বলেন, দীর্ঘদিন ধরে জরুরি যোগাযোগ ব্যবস্থার অভাবে শিক্ষার্থীরা ভোগান্তিতে ছিলেন। নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে হেল্পলাইন চালুর উদ্যোগ নেওয়া হয়।

এ ক্ষেত্রে সহযোগিতার জন্য তিনি প্রশাসনকে ধন্যবাদ জানান।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top