ফটিকছড়ি প্রতিনিধি: আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে স্বচ্ছ ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সব নির্বাচনি সরঞ্জাম ইতোমধ্যে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে।
ভোটগ্রহণ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন পরিচালনায় মাঠে দায়িত্ব পালন করবেন ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে র্যাবের ১৬ জন সদস্য, বিজিবির ৫ প্লাটুন (প্রায় ১০০ জন), সেনাবাহিনীর ১৫০ জন সদস্য, ব্যাটালিয়ন আনসারের ২০ জন এবং ৪০৩ জন পুলিশ সদস্য। ফটিকছড়ি ও ভূজপুর থানার অধীনে মোট পাঁচটি স্ট্রাইক টিম দায়িত্ব পালন করবে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে পুলিশের মোবাইল টিম সার্বক্ষণিক দায়িত্বে থাকবে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রতিটি ভোটকেন্দ্রে দুইজন পুলিশ সদস্য ও তিনজন সশস্ত্র আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। মোট ১ হাজার ৮৪০ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন, যার মধ্যে ৪২০ জন সশস্ত্র। আনসার ভিডিপির মধ্যে পুরুষ সদস্য ৮৪০ জন এবং নারী সদস্য ৫৬০ জন দায়িত্ব পালন করবেন।
এই সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৮ হাজার ৪৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ১৯৭ জন, নারী ভোটার ২ লাখ ২৯ হাজার ২৬৭ জন এবং হিজড়া ভোটার একজন। দুটি পৌরসভা ও ১৮টি ইউনিয়নের ১৪০টি ভোটকেন্দ্রের ৯০০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৮২২টি স্থায়ী এবং ৭৮টি অস্থায়ী বুথ রয়েছে।
ভোট পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হয়েছে ১৪০ জন প্রিজাইডিং অফিসার, ৯০০ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ৮০০ জন পোলিং অফিসার। সব ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। উপজেলা কার্যালয় থেকে প্রায় ১০০টি কেন্দ্র মনিটরের মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, দুর্গম ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। এসব কেন্দ্রে ফ্লাডলাইট, সার্চলাইটসহ উন্নত নজরদারি ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
এবার চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন— বিএনপির সরওয়ার আলমগীর (ধানের শীষ), জামায়াতে ইসলামীর অধ্যক্ষ নুরুল আমিন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী (একতারা), গণঅধিকার পরিষদের রবিউল হাসান তানজিম (ট্রাক), জনতা পার্টির গোলাম নওশের আলী (কলম), ইসলামী আন্দোলন বাংলাদেশের জুলফিকার আলী মান্নান (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী আহমদ কবির করিম (ফুটবল) ও জিন্নাত আরা (হরিণ)।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন





