চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় বাতিল হয়েছে এসব ফ্লাইট। এ নিয়ে শাহ আমানতে মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
আজ শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা ও যাওয়ার একটি করে, ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসার একটি ও যাওয়ার দুটি এবং সালাম এয়ারের মাস্কাট থেকে আসা ও যাওয়ার একটি করে ফ্লাইট বাতিল করা হয়েছে।
তবে আজ বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ছয়টি এবং যাওয়ার চারটি ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে।
শাহ আমানত বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ, এয়ার এরাবিয়া ও ইউএস-বাংলার শারজাহ ও দুবাই রুটের ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





