চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও চার ফ্লাইট বাতিল

চাটগাঁ নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ড সাময়িকভাবে বন্ধ থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ আরও চারটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস–এর মধ্যপ্রাচ্য থেকে আসার কথা থাকা দুটি আগমন ফ্লাইট এবং এয়ার আরাবিয়া–এর আরও দুটি আগমন ফ্লাইট।

এদিকে মাস্কাট থেকে আসা সালাম এয়ার–এর ওভি-৪০১ নম্বর ফ্লাইটটি কুয়াশার কারণে চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকায় ডাইভার্ট করা হয়। পরে ঢাকা থেকে আবার উড্ডয়ন করে সকাল ১০টা ৫৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় এক ঘণ্টা পর একই বিমানটি যাত্রী নিয়ে ওভি-৪০২ ফ্লাইটে মাস্কাটের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ পর্যন্ত মোট ৫০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top