চট্টগ্রাম রেঞ্জে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ১৯৪

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও মদ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২৪ ঘণ্টার এ অভিযানে মাদক সংক্রান্ত ৪০টি মামলা দায়েরের পাশাপাশি ১৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে অভিযানের এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, অভিযানে ২ হাজার ৬১৯ পিস ইয়াবা, ২৩ কেজি ৩৯০ গ্রাম গাঁজা এবং ১৪৬ লিটার ৫০০ মিলিলিটার মদ উদ্ধার করা হয়েছে। একই সময়ে মাদক বিক্রির মাধ্যমে অর্জিত ২ লাখ ২৫ হাজার টাকা নগদ অর্থও জব্দ করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ১৯৪ জনের মধ্যে ৫৬ জন মাদক ব্যবসায়ী, একজন মাদক বহনকারী এবং ১৩৭ জন মাদকসেবী রয়েছেন।

অভিযানের পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতের মাধ্যমে ১০৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া আদায় করা হয়েছে ৩৭ হাজার ৭৫০ টাকা অর্থদণ্ড।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top