চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত আইনশৃঙ্খলা কার্যক্রমে গত ২৪ ঘণ্টায় ৫২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, মাদকবিরোধী অভিযান ও বিভিন্ন নিয়মিত মামলায় এসব গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাদকসংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়েছেন ৯১ জন। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় গ্রেপ্তার ৪০ জন মাদক ব্যবসায়ীও মাদকবিরোধী অভিযানের হিসাবের আওতায় রয়েছেন। ফলে মাদকবিরোধী কার্যক্রমে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১৩১ জনে।
মাদক মামলায় গ্রেপ্তার ৯১ জনের মধ্যে তিনজন মাদক বহনকারী এবং ৮৮ জন মাদকসেবী বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে নিয়মিত মামলায় ১০৩ জন, পূর্বের মামলায় ৮৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৮ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৯ জন, বিভিন্ন মামলার পরোয়ানামূলে ১৪৩ জন এবং সাজা পরোয়ানায় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে আদায় করা হয়েছে ৩ হাজার ১৫০ টাকা জরিমানা।
মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ২৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে পুলিশ ৯১ হাজার ৩৯৪টি ইয়াবা ট্যাবলেট, ৩০ কেজি ৬৫৯ গ্রাম গাঁজা, চার লিটার চোলাই মদ, এক ক্যান বিয়ার এবং পাঁচ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করেছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





