চাটগাঁ নিউজ ডেস্ক: বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া পরীক্ষা কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং ও জরুরি তথ্য সংগ্রহের লক্ষ্যে কন্ট্রোল রুম খুলেছে বোর্ড।
মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার ৮ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য শিক্ষা বোর্ডের অধীন সব জেলার পরীক্ষা এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময়সূচি পরে প্রকাশ করা হবে।
এর আগে, টানা ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম ও রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় জনজীবন ব্যাহত হওয়ায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নিয়ন্ত্রণ কক্ষ চালু
বিরূপ আবহাওয়া ও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যাসদৃশ পরিস্থিতির আশঙ্কার প্রেক্ষিতে পরীক্ষা কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং ও জরুরি তথ্য সংগ্রহের লক্ষ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বোর্ডের পেইজে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্র এলাকায় অতিবৃষ্টি, জলাবদ্ধতা, যোগাযোগ ব্যবস্থার বিঘ্ন, বিদ্যুৎ বিভ্রাট অথবা পরীক্ষা পরিচালনায় কোনো ধরনের সমস্যা সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে নিম্নবর্ণিত কর্মকর্তাগণের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য জানানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
চাটগাঁ নিউজ/জেএইচ





