চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালের এক নারী সহকর্মীকে যৌন হয়রানি ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে ক্লিনিং সুপারভাইজার সাইফুল ইসলামের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারী হাসপাতালের ইসিজি সহকারী টেকনিশিয়ান।
ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট ওই নারী কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়ে সাইফুলের অনৈতিক আচরণের নিরপেক্ষ তদন্ত, চাকরি ক্ষেত্রে নিজের সুরক্ষা ও নিরাপত্তার দাবি জানান।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, অভিযুক্ত সাইফুল দীর্ঘদিন ধরে বিভিন্ন মাধ্যমে তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। তার প্রস্তাবে ফাতেমা সাড়া না দিলে পরবর্তীতে ইসিজি কক্ষ থেকে বের করে দেওয়া। তার সাদা অ্যাপ্রোন কেড়ে নেওয়া। তাকে চাকরিচ্যুত করার ভয়ও দেখিয়ে আসছিল সাইফুল।
এতেও সম্মত না হওয়ায় সাইফুল তার পিছু নিয়ে বাসা পর্যন্ত যান এবং দায়িত্ব পালনকালে গোপনে মোবাইল ফোনে ছবি ও ভিডিও চিত্র ধারণ করতে শুরু করেন।
এর আগেও কর্মচারী সাইফুল ইসলামের বিরুদ্ধে এক নারী স্টাফ নার্স যৌন হয়রানি ও অনৈতিক আচরণের অভিযোগ তুলেছিলেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিসিটিভি ফুটেজে প্রমাণিত হওয়ায় সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়; কিন্তু পরবর্তীতে হাসপাতাল কার্যনির্বাহী কমিটির প্রভাবশালীদের হস্তক্ষেপে আবারও তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়। এরপর থেকে তিনি আরও বেপরোয়া হয়ে উঠেন বলে অভিযোগ ভুক্তভোগীর।
তবে অভিযুক্ত সাইফুল ইসলামের দাবি ওই নারীর সঙ্গে তার কোনো বিরোধ নেই। কেউ হয়ত তাকে দিয়ে মিথ্যা অভিযোগ করিয়েছে।
হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ বলেন, ‘ওই নারী কর্মীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করার জন্য গত বৃহস্পতিবার পরিচালককে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল।’
চাটগাঁ নিউজ/এসএ





