চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু কনফুসিয়াস ইনস্টিটিউটের 

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘কনফুসিয়াস ইনস্টিটিউট’। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হয় ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠান।

গত বছরের নভেম্বর মাসে চীনের বেইজিংয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ ইনস্টিটিউট প্রতিষ্ঠায় চুক্তি স্বাক্ষরিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চীনের সিপিসি ইউনান প্রাদেশিক কমিটির স্থায়ী সদস্য চাও চুনমিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন এবং চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।

আরো উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম এবং ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, এই দিনটি চবির জন্য একটি স্মরণীয় দিন, যা বাংলাদেশ ও চীনের মধ্যে অ্যাকাডেমিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং সুদৃঢ় বন্ধুত্বের একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।

কনফুসিয়াস ইনস্টিটিউট কেবল একটি ভাষা শিক্ষা কেন্দ্র নয়, এটি মূলত দুই দেশের মানুষ, সংস্কৃতি ও চিন্তাধারাকে যুক্ত করার একটি শক্তিশালী সেতু হিসেবে কাজ করবে।

চাও চুনমিন বলেন, ইউনান প্রদেশ কনফুসিয়াস ইনস্টিটিউটের কার্যক্রমে ধারাবাহিকভাবে সহযোগিতা করবে। একই সঙ্গে দুই বিশ্ববিদ্যালয়কে নিজেদের বৈশিষ্ট্য ও দক্ষতার ভিত্তিতে ইনস্টিটিউটটিকে আরও সমৃদ্ধভাবে গড়ে তুলতে সহায়তা করা হবে।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চট্টগ্রাম অঞ্চলের শিল্পাঞ্চল উন্নয়ন এবং বাংলাদেশ-চীন বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল গড়ে তুলতে কনফুসিয়াস ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top