চাটগাঁ নিউজ ডেস্ক: চার দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর দুটি জাহাজ ‘রেজকি (REZKIY)’ ও ‘সোভারচেনি (SOVERCHENNY)’ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) জাহাজ দুটি বন্দরে নোঙর করলে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের চিফ স্টাফ অফিসার সফরকারী জাহাজগুলোর অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার উপ-রাষ্ট্রদূত, মিলিটারি, এয়ার ও নেভাল অ্যাটাশে এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ আনুষ্ঠানিকভাবে সেগুলোকে অভ্যর্থনা জানায়।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, সফরকালীন সময়ে রাশিয়ান প্রতিনিধিদল চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, ডকইয়ার্ডের এরিয়া সুপারিন্টেন্ডেন্ট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া সফরসূচির অংশ হিসেবে রুশ নাবিক ইউভি রেডকিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নেভাল একাডেমির রেডকিন পয়েন্টে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
এ সময় সফরকারী নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ পরিদর্শনের পাশাপাশি চট্টগ্রামের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখবেন। একইভাবে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও রাশিয়ান জাহাজ দুটি পরিদর্শনের সুযোগ পাবেন।
এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময় বৃদ্ধি পাবে এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ ও রাশিয়ার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুসংহত হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
সফর শেষে আগামী ২৭ মার্চ রাশিয়ান নৌবাহিনীর জাহাজ দুটি বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





