চাটগাঁ নিউজ ডেস্ক: নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীদের আন্দোলনে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে বন্দরসংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয় বলে পুলিশ জনসংযোগ বিভাগ নিশ্চিত করেছে।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বন্দর এলাকায় মিছিল ও সভা-সমাবেশের কারণে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে। এতে আমদানি ও রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে, যা জাতীয় অর্থনীতির জন্য ক্ষতিকর এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে।
জনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে বন্দরসংলগ্ন বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা ক্রসিংসহ আশপাশের এলাকায় এক মাসের জন্য সব ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ করা হয়েছে।
এ নিষেধাজ্ঞা ১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হয়ে আগামী ২ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে। একই সঙ্গে অস্ত্রশস্ত্র, লাঠি, ছোরা, তলোয়ার, বিস্ফোরক দ্রব্য ও ইট-পাথর বহন ও ব্যবহারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী প্রচারণা, মিছিল ও সমাবেশ এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে পুলিশ।
এর আগে এনসিটি ইজারা প্রক্রিয়ার বিরোধিতা করে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে গত বছরের ১১ অক্টোবর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত একই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছিল সিএমপি।
চাটগাঁ নিউজ/এমকেএন





