চট্টগ্রাম প্রেস ক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

চাটগাঁ নিউজ ডেস্ক: যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় শনিবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব। এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)-এর সভাপতি শাহনওয়াজ, প্রেস ক্লাবের উপদেষ্টা মইনুদ্দীন কাদেরী শওকত, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ এবং সিএমইউজে’র সাধারণ সম্পাদক সালেহ নোমান।

সভায় বক্তারা বলেন, ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে দিবসটি বিশ্বজুড়ে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে। দিবসটি বাঙালি জাতির কাছে যেমন শোকের, তেমনি মাতৃভাষার অধিকার আদায়ে সর্বোচ্চ ত্যাগের গৌরবোজ্জ্বল দিন।

বক্তারা আরও বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ‘বাংলা’কে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র ও যুবসমাজ ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল নিয়ে রাজপথে নেমে আসে। এ সময় পুলিশ মিছিলে গুলি চালালে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ বহু নাম না জানা তরুণ শহীদ হন। তাঁদের মহান আত্মত্যাগ আজ বিশ্বজুড়ে ভাষাপ্রেম ও অধিকার আদায়ের প্রতীক হিসেবে স্মরণ করা হয়।

তারা বলেন, ভাষা আন্দোলন শুধু বাঙালি জাতির অধিকার আদায়ের সংগ্রাম নয়; এটি বিশ্বব্যাপী মাতৃভাষার মর্যাদা রক্ষার এক অনন্য দৃষ্টান্ত। সেই আন্দোলনের স্বীকৃতি হিসেবেই ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বজুড়ে পালিত হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি ডেইজি মওদুদ, যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম সেলিম, সাইফুল ইসলাম শিল্পী, আরিচ আহমেদ শাহ ও ওয়াহিদ জামান।

এছাড়া সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ এবং মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top