চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে আমরা বিএনপি পরিবারের আয়োজনে গণঅভ্যুত্থানে শহিদ জামালের কন্যা তানিয়া আক্তার, পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ জপেল চাকমা ও ক্যানসার আক্রান্ত মাইশাকে প্রধানমন্ত্রী তারেক রহমান শুভেচ্ছা উপহার তুলে দিয়েছেন।
আজ শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে তাদের হাতে এ শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
এসময় বক্তারা বলেন, আমরা বিএনপি পরিবার একটি অরাজনৈতিক ও মানবিক সংগঠন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এ সংগঠনটি দূঃসময়ে সারা দেশে মানুষের পাঁশে দাঁড়ায়। তারই অংশ হিসাবে চট্টগ্রামে জুলাই শহিদ জামালের কন্যা তানিয়ার শুভ বিবাহ অনুষ্ঠানে পাশে দাঁড়িয়েছেন তিনি। সংগঠনটি গুম, খুন হওয়া পরিবারকে দীর্ঘদিন সহায়তা করেছে। প্রত্যন্ত এলাকায় শিক্ষা, চিকিৎসা, গবেষণাসহ নানা ক্ষেত্রে যারা গরীব ও মেধাবী তাদের সহায়তা করে যাচ্ছে।

এছাড়া বিগত সরকারের আমলে এ সংগঠনটিকে কাজ করতে বাধা দেয়া হয়েছে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন তারা। তবে ক্ষমতায় না থাকলেও এ সংগঠনটি আগামীতে অসহায় মানুষের পাশে দাঁড়াবে বলে জানান বক্তারা।
এসময় প্রধানমন্ত্রীর উপহার পেয়ে শহিদ জামালের স্ত্রী তাহমিনা আক্তার আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘নানা সময় শহিদ পরিবারকে সহায়তার কথা বললেও, তেমন কিছু মিলেনি।’
অনেকে শহিদ পরিবারের জন্য টাকা নিয়েও পরিবারকে দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া শহিদ পরিবারের জন্য ভাতা অবিলম্বে চালু করার দাবিও জানান তাহমিনা আক্তার।
চাটগাঁ নিউজ/এমকেএন





