চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর হালিশহরের একটি বাসায় সিলিন্ডার গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ৮ জন অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা গেছে।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে হালিশহরের এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে ওই ভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে দগ্ধরা হলেন— শিপন (৩০), সুমন (৪০), শাওন (১৭), আয়েশা (৪), আনাস (৭), আইমান (৯), শাখাওয়াত (৪৬) ও পাখি (৩৫)।
চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম অপারেটর জানান, সিলিন্ডার থেকে নির্গত জমে থাকা গ্যাসের বিস্ফোরণ হয়েছে। এতে ৮ জন দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হালিমা মঞ্জিল নামে ৬ তলা ওই ভবনটির তৃতীয় তলায় একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়। এতে পুরো বাসায় আগুন ছড়িয়ে পড়ে। বাসায় থাকা শিশুসহ ৮ জন দগ্ধ হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগে স্থানীয়রা আগুনে দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল নিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে।
মো. মকবুল নামে এক প্রত্যক্ষদর্শী জানান, সেহেরির কিছুক্ষণ আগে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে দগ্ধ সকলে একই পরিবারের সদস্য।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই মো. আশিক বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৮ জনকে ভোরে হাসপাতালে আনা হয়। তাদেরকে ৩৬ নম্বর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





