চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার দুর্ঘটনায় তরুণীর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির একটি প্রাইভেট কার দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে বারেক বিল্ডিং গোসাইলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গাড়িটিতে এক যুবক ও এক তরুণী ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনায় পড়লে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতাল সূত্র জানায়, গুরুতর আহত অবস্থায় নেওয়ার পথে সামিয়া জাহান তানিশা নামের ওই তরুণীর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা একটি আইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। তিনি হাজেরা-তজু ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বন্দর থানার এসআই নাজমুল জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণেই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান এবং দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আহত অপর ব্যক্তির চিকিৎসা চলছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top