চাটগাঁ নিউজ ডেস্ক: বন্দরনগরী চট্টগ্রামের ফ্যাশন সচেতন ক্রেতাদের জন্য এক ছাদের নিচে বিশ্বের শীর্ষস্থানীয় তিন ব্র্যান্ড—অ্যাডিডাস, লিভাইস ও নাইকি—নিয়ে যাত্রা শুরু করেছে ডিবিএল লাইফস্টাইলস লিমিটেড।
নগরীর লালখান বাজারের ইস্পাহানি সেন্টারে প্রতিষ্ঠিত এই প্রিমিয়াম স্টোরটি চট্টগ্রামের রিটেইল খাতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রবিবার (৮ মার্চ) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্টোরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, ব্যবস্থাপনা পরিচালক এম. এ. জব্বার এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও এম এ কাদের (অনু)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী অংশীদার, ডিবিএল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রাহকদের জন্য আধুনিক ও প্রিমিয়াম শপিং অভিজ্ঞতা নিশ্চিত করতে স্টোরটি আন্তর্জাতিক মানে ডিজাইন করা হয়েছে।
অনুষ্ঠানে ডিবিএল গ্রুপের নেতৃবৃন্দ বলেন, আমাদের লক্ষ্য হলো বিশ্বমানের রিটেইল অভিজ্ঞতা বাংলাদেশি ক্রেতাদের হাতের নাগালে পৌঁছে দেওয়া। চট্টগ্রামের এই নতুন স্টোর আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর উপস্থিতি আরও শক্তিশালী করবে এবং গ্রাহকদের প্রিমিয়াম লাইফস্টাইল চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন এই স্টোরে ক্রেতারা অ্যাডিডাস, নাইকি ও লিভাইস ব্র্যান্ডের সর্বশেষ কালেকশন থেকে পছন্দের পণ্য বেছে নেওয়ার সুযোগ পাবেন।
অ্যাডিডাসে থাকছে উদ্ভাবনী প্রযুক্তিতে তৈরি অ্যাথলেটিক ফুটওয়্যার ও পারফরম্যান্স স্পোর্টসওয়্যার। নাইকিতে পাওয়া যাবে বিশ্বমানের স্পোর্টস গিয়ার ও আধুনিক পারফরম্যান্স অ্যাপারেল। আর লিভাইসের কালজয়ী ৫০১® জিন্সসহ জনপ্রিয় ডেনিম ও লাইফস্টাইল কালেকশনও থাকছে এই স্টোরে।
ডিবিএল লাইফস্টাইলস লিমিটেড হলো ডিবিএল গ্রুপের রিটেইল ব্যবসা শাখা এবং বাংলাদেশে অ্যাডিডাস, নাইকি ও লিভাইসের অফিসিয়াল ফ্র্যাঞ্চাইজি পার্টনার।
এছাড়া প্রতিষ্ঠানটি পুমা ও বুগাতির মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গেও কাজ করছে। ঢাকা ও চট্টগ্রামে একাধিক আউটলেটের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের ক্রেতাদের বিশ্বমানের কেনাকাটার অভিজ্ঞতা প্রদান করে আসছে।
চাটগাঁ নিউজ/এমকেএন/এসএ





