চট্টগ্রামে ১৬ থানায় সিএমপির ‘এস ড্রাইভ’ অভিযান, আটক ৬৫

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীতে এক ব্যবসায়ীর বাসভবন লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার পর ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

এর অংশ হিসেবে রোববার দিবাগত রাতে নগরীর ১৬টি থানা এলাকায় একযোগে ‘এস ড্রাইভ’ নামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কোতোয়ালী থানা এলাকা থেকে সর্বোচ্চ ১৩ জনকে আটক করা হয়। এছাড়া সদরঘাটে ৩ জন, চকবাজারে ৪ জন, বাকলিয়ায় ৩ জন, খুলশীতে ২ জন, বায়েজিদে ৮ জন, পাঁচলাইশে ৩ জন, চান্দগাঁওয়ে ৬ জন, পাহাড়তলীতে ১ জন, আকবরশাহে ২ জন, ডবলমুরিংয়ে ৫ জন, বন্দরে ১ জন, ইপিজেডে ৪ জন, পতেঙ্গায় ৮ জন এবং কর্ণফুলীতে ২ জন গ্রেপ্তার হন।

আটক ব্যক্তিদের মধ্যে মাদক মামলার আসামি ৫ জন, ছিনতাইয়ের সঙ্গে জড়িত ৪১ জন, চাঁদাবাজ ৫ জন, জুয়া সংশ্লিষ্ট ২ জন এবং কিশোর গ্যাংয়ের ১২ সদস্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে একটি দেশীয় এলজি, তিনটি ছোরা, শর্টগানের ১২টি কার্তুজ, পিস্তলের ১০ রাউন্ড গুলি, দুটি ছুরি, তিনটি দা এবং একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে মোট ৪৬৯ পিস ইয়াবা জব্দ করা হয়। এর মধ্যে বাকলিয়া থানা এলাকা থেকে ১০০ পিস, বায়েজিদ থেকে ১৪ পিস, বন্দর এলাকা থেকে ৪৭ পিস পরিত্যক্ত অবস্থায়, ইপিজেড থেকে ২০০ পিস এবং পতেঙ্গা থেকে ১০৮ পিস উদ্ধার করা হয়েছে।

সিএমপির অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী জানান, একসঙ্গে সব থানায় অভিযান চালানোর উদ্দেশ্য ছিল যাতে একটি স্থানে অভিযান পরিচালনার খবর পেয়ে অন্য এলাকার অপরাধীরা পালিয়ে যেতে না পারে। তিনি বলেন, ওসি থেকে শুরু করে অতিরিক্ত কমিশনার পর্যায়ের কর্মকর্তারা এ অভিযানে সরাসরি অংশ নিয়েছেন।

পুলিশ জানিয়েছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top