চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। নতুন করে আরও ২৩ জনকে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে পরীক্ষায় ২ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি হওয়া ২৩ জন সন্দেহভাজন রোগীর সবাই চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা। অন্যদিকে, শনাক্ত হওয়া ২ জন নিশ্চিত রোগী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
এ নিয়ে এখন পর্যন্ত মোট ৯২ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ৪১ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, এখন পর্যন্ত চট্টগ্রাম জেলা থেকে ৪১৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এর মধ্যে মহানগর এলাকা থেকে ২৯০টি এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১২৩টি নমুনা নেওয়া হয়েছে।
এদিকে, আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিয়ে ইতোমধ্যে ১৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





