চাটগাঁ নিউজ ডেস্ক: মা ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করতে চট্টগ্রাম নগরীতে পাঁচটি ব্রেস্ট ফিডিং সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এসব কেন্দ্র নগরের গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ এলাকায় স্থাপন করা হবে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নগরের নতুন ব্রিজ পুলিশ বক্স এলাকায় ব্রেস্ট ফিডিং সেন্টার প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, কর্মজীবী কিংবা বাইরে অবস্থানরত মায়েদের জন্য শিশুকে বুকের দুধ খাওয়ানো অনেক সময় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেই বাস্তবতা বিবেচনায় নগরের গুরুত্বপূর্ণ স্থানে ব্রেস্ট ফিডিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মায়েরা স্বাচ্ছন্দ্য ও মর্যাদার সঙ্গে তাদের শিশুদের প্রয়োজনীয় যত্ন নিতে পারেন।
ডাকবাক্স ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অভিনেতা জিয়াউল হক পলাশের নেতৃত্বে বাস্তবায়নাধীন এই পাইলট প্রকল্পের আওতায় নতুন ব্রিজ, পতেঙ্গা, কদমতলী কারখানা এলাকা, আগ্রাবাদ ও রেলওয়ে স্টেশন এলাকায় মোট পাঁচটি ব্রেস্ট ফিডিং সেন্টার স্থাপন করা হবে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬ লাখ টাকা, যা যৌথভাবে অর্থায়ন করছে ডাকবাক্স ফাউন্ডেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশন।
মেয়র আরও বলেন, শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করা ও মায়ের মর্যাদা রক্ষায় ব্রেস্ট ফিডিং সেন্টার একটি সময়োপযোগী ও মানবিক উদ্যোগ। এটি শুধু সামাজিক দায়িত্ব পালনের অংশ নয়, বরং একটি মানবিক নগর গড়ে তোলার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাইলট প্রকল্পটি সফল হলে ভবিষ্যতে নগরের আরও গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের কেন্দ্র স্থাপন করা হবে।
চট্টগ্রামের চলমান উন্নয়ন কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, নগরকে স্বাস্থ্যবান্ধব ও আধুনিক হিসেবে গড়ে তুলতে জলাবদ্ধতা নিরসন, খাল পুনরুদ্ধার, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, স্কুল হেলথ প্রোগ্রাম, খেলাধুলার মাঠ আধুনিকায়ন ও নাগরিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণসহ নানা জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য আব্দুল করিম ভুট্টো, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন শাহেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এন. মোহাম্মদ রিমন, হালিশহর বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ মেহেদী এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য নোমান সিকদার সোহাগ।
এ সময় ডাকবাক্স ফাউন্ডেশন ব্রেস্ট ফিডিং সেন্টার প্রকল্পের প্রধান সমন্বয়কারী সাফরাশ নুরী সিজ্জি প্রকল্পের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





