চট্টগ্রামে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে থানায় হাজির স্বামী!

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে নিজ স্ত্রীকে হত্যা করে থানায় হাজির হয়ে দায় স্বীকার করেছেন এক স্বামী। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড বলে জানান ঘাতক ওই স্বামী।

আজ শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টায় অর্থ্যাৎ ইফতারের ঠিক আগ মুহূর্তে নগরীর পতেঙ্গা এলাকায় হত্যাকাণ্ডের এই ঘটনাটি ঘটে। স্ত্রীকে হত্যার পর তাদের ছোট শিশুকে সঙ্গে নিয়ে থানায় হাজির হলে বিষয়টি জানাজানি হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহম্মেদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নারীর নাম হালিমা আক্তার (৩০)। তার পিতার আব্দুল মান্নান এবং মাতার নাম নুর নাহার। অপরদিকে অভিযুক্ত স্বামীর নাম জহিরুল ইসলাম। তার স্থায়ী ঠিকানা লক্ষীপুর জেলার রামগঞ্জ ইউনিয়নের সোনাপুর এলাকায়। তারা চট্টগ্রাম নগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পতেঙ্গা থানা এলাকার দক্ষিণ পাড়ায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।

পুলিশ জানায়, আজ শনিবার ইফতারের কিছুক্ষণ আগে তাদের বাসায় পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে- স্বামী জহির রাগের মাথায় স্ত্রী হালিমাকে ছুরিকাঘাত করে।

ঘটনার পর অভিযুক্ত স্বামী তাদের ছোট শিশুকে সঙ্গে নিয়ে সরাসরি থানায় গিয়ে আত্মসমর্পণ করে ঘটনার বিস্তারিত জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহতের প্রতিবেশিরা জানান, গত এক মাস ধরে তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। প্রতিদিনকার মতো আজকেও তারা ঝগড়ায় লিপ্ত হয়। তবে ছুরিকাঘাতের বিষয়টি পুলিশ আসলে জানাজানি হয়। এসময় মেঝেতে রক্তাক্ত অবস্থায় হালিমার লাশ পড়ে থাকতে দেখেন তারা।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top