চাটগাঁ নিউজ ডেস্ক: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ আর ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে চট্টগ্রামে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে জেলার ১৬টি সংসদীয় আসনের সব কেন্দ্রেই একযোগে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
জেলা নির্বাচন কার্যালয় জানিয়েছে, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে আগে থেকেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এবার ভোটাররা দুটি আলাদা ব্যালট পেপারে ভোট দিচ্ছেন। সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা ব্যালট এবং গণভোটের জন্য গোলাপি ব্যালট ব্যবহার করা হচ্ছে।
নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রামজুড়ে প্রায় ৪০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও কোস্ট গার্ডের সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাঠে সক্রিয় রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
এবারের নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। এর মধ্যে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে ৩ লাখ ৮৬ হাজার ৬৭৪ জন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ৪ লাখ ৮৮ হাজার ৪৬৫ জন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ২ লাখ ৬০ হাজার ৪৮৫ জন এবং চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ৪ লাখ ৪৮ হাজার ৩৮০ জন ভোটার রয়েছেন।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ৫ লাখ ১ হাজার ৯১৬ জন, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ৩ লাখ ৩৯ হাজার ৯৮৮ জন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ৩ লাখ ১৯ হাজার ৮ জন এবং চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনে ৫ লাখ ৫৪ হাজার ৭২৯ জন ভোটার রয়েছেন।
এ ছাড়া চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে ৪ লাখ ১৬ হাজার ৩৬৩ জন, চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-খুলশি) আসনে ৪ লাখ ৯২ হাজার ৪৪৪ জন, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ৪ লাখ ৯৫ হাজার ২৭৮ জন এবং চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ৩ লাখ ৫২ হাজার ৬৯৫ জন ভোটার ভোট দিচ্ছেন।
অন্যদিকে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে ৩ লাখ ৯৫ হাজার ২৪৬ জন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে ৩ লাখ ১৩ হাজার ৫১৩ জন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) আসনে ৫ লাখ ৬ হাজার ৫৯ জন এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ৪ লাখ ১১ হাজার ২৭৪ জন ভোটার রয়েছেন।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা জানিয়েছেন, ভোটারদের নিরাপদ ও ভীতিমুক্ত পরিবেশে ভোটদান নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে চট্টগ্রামে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





